সোহেল শেখ (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮ নম্বর ওয়ার্ডে একটি পরিত্যক্ত পুকুর থেকে রায়ান মোল্লা (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
নিহত রায়ান মোল্লা কমলাপুর এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, গত রোববার রাতে ফুটবল বিশ্বকাপ খেলা দেখার কথা বলে রায়ানকে তার কয়েকজন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা রাতভর এবং পরদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কমলাপুর এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে রায়ানের মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ।
ঘটনার পর নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হয়নি।
মুকসুদপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে রহস্যজনক এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।