মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা:
আমজাদ হোসেন মিঠু
বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ,
১৭/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ
চিকিৎসার মান নিশ্চিতকরণ এবং অনিয়ম রোধে মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সোমবার (১৭ আগস্ট) পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুন। এ সময় মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিপুণ ডায়াগনস্টিক সেন্টার (জরিমানা: ৩০,০০০ টাকা):প্রয়োজনীয় ল্যাব টেকনিশিয়ান না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি নিয়ে ডেঙ্গু পরীক্ষা করার অপরাধে এ জরিমানা করা হয়।
নূরজাহান হাসপাতাল (জরিমানা: ৩০,০০০ টাকা):হাসপাতালে পর্যাপ্ত ডিপ্লোমা নার্স না থাকা এবং প্রাতিষ্ঠানিক কাগজপত্রে নানা অনিয়ম মেলায় এই দণ্ড দেওয়া হয়।
মডার্ন ডায়াগনস্টিক সেন্টার - শাখা ২ (জরিমানা: ১৫,০০০ টাকা):লাইসেন্স নবায়ন না থাকা এবং এক্স-রে টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় সনদ ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে জরিমানা করা হয়।
অভিযান শেষে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, অবৈধ ও অনিয়মযুক্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই তদারকি নিয়মিত চলবে। যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন লাইসেন্স নবায়ন ছাড়া সেবা দিয়ে যাচ্ছে, দ্রুত সংশোধন না হলে প্রয়োজন অনুযায়ী সেগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।