রশিদপুরে দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ
মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে জিআর (গ্রামীণ রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রশিদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং রশিদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী মোঃ মেহেদী শিপার।
এ সময় রশিদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চাল বিতরণকালে বক্তারা বলেন, সমাজের অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দৈনন্দিন জীবনের কষ্ট কিছুটা লাঘব করাই সরকারি মানবিক সহায়তার অন্যতম উদ্দেশ্য। সরকারি বরাদ্দের সহায়তা যাতে কোনো ধরনের অনিয়ম ছাড়াই প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে নির্ধারিত তালিকা অনুযায়ী উপকারভোগীদের হাতে জিআর চাল তুলে দেওয়া হয়। সরকারি এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহায়তা অসহায় পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেয়।
উপকারভোগীরা তাদের দুর্দিনে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানান।