মোঃ জহিরুল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি ফুলবাড়িয়া ময়মনসিংহ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ও গণসংযোগে মুখর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন। এর অংশ হিসেবে সম্প্রতি এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সাথে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শামীম মণ্ডল। প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর নানা সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
এই বৈঠকে স্থানীয় এলাকাবাসী ও আদিবাসী প্রতিনিধিরা তাকে সমর্থন জানান। বক্তারা বলেন, মোহাম্মদ শামীম মণ্ডল সব সময় সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং এলাকার উন্নয়নে প্রকৃত পরিবর্তন আনতে তিনি সম্পূর্ণ সক্ষম। উপস্থিত সকলে তাকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চাওয়ার ঘোষণা দেন এবং তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় এলাকাবাসীর এই স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শামীম মণ্ডল বলেন, দলমত নির্বিশেষে আদিবাসীসহ ইউনিয়নের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং রাঙ্গামাটিয়াকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান অঙ্গীকার।