অপু দাস, রাজশাহী ব্যুরো
রাজশাহীর মোহনপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর তিন রাস্তার মোড়ের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ভাঙা মসজিদ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫-এর সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল।
র্যাব-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্রসহ আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর তিন রাস্তার মোড়ের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল।
র্যাবের কাছে তথ্য ছিল, ওই এলাকার একটি পরিত্যক্ত ভাঙা মসজিদের ভেতরে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। তথ্য পাওয়ার পর বিষয়টি যাচাই করতে রাতেই ঘটনাস্থলে পৌঁছে আভিযানিক দলটি।
পরে পরিত্যক্ত মসজিদের ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মসজিদের দক্ষিণ কোণে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখা যায়। বস্তাটির মুখ বাঁধা ছিল। বস্তাটির গায়ে ‘মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজ’সহ বিভিন্ন ধরনের লেখা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
সন্দেহজনক বস্তাটি উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে খুলে তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতর থেকে একটি একনলা বন্দুক পাওয়া যায়। পরে বিধি অনুযায়ী সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দ করা হয়।
র্যাব সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা বন্দুকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তবে অস্ত্রটি সেখানে কে বা কারা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। অস্ত্রটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল কি না, সেটিও তদন্তের বিষয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া একনলা বন্দুকসহ সংশ্লিষ্ট আলামত যথাযথভাবে জব্দ করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মোহনপুরে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত স্থাপনা থেকে একনলা বন্দুক উদ্ধারের ঘটনা ঘটেছে।