রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি
অপু দাস,রাজশাহী ব্যুরো।
দীর্ঘ সময় পর রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের অনুমোদন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক আলহাজ এমরান হোসেন মিয়ার সুপারিশের ভিত্তিতে রাজশাহী মহানগর জাতীয় পার্টির নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে মো. সালাউদ্দিন মিন্টুকে আহ্বায়ক এবং সাজিদ রওশন ঈশানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটির আহ্বায়ক মো. সালাউদ্দিন মিন্টু বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশ ও মানুষের কল্যাণে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, দ্রব্যমূল্যসহ জনজীবনের বিভিন্ন সমস্যা মোকাবিলায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। এ জন্য সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।
সালাউদ্দিন মিন্টু আরও বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁরা কাজ করতে চান।
অন্যদিকে, নতুন কমিটির সদস্য সচিব সাজিদ রওশন ঈশান বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগর জাতীয় পার্টিতে কোনো কমিটি ছিল না। নতুন কমিটির মাধ্যমে মহানগর পর্যায়ে দলীয় সংগঠনকে নতুনভাবে গড়ে তোলা এবং আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, দলীয় কার্যালয়ের কার্যক্রম সচল করার পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক কর্মসূচি আরও বাড়ানো হবে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির ভূমিকা প্রসঙ্গে সাজিদ রওশন ঈশান বলেন, তাঁরা অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবেন। জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে পজিটিভ ভূমিকা রাখতে চায়।
নতুন কমিটির নেতারা জানান, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, দলীয় কার্যালয়ের কার্যক্রম সক্রিয় করা এবং রাজশাহী মহানগরে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাই তাঁদের প্রধান লক্ষ্য।
তাঁরা আরও জানান, নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলীয় কর্মকাণ্ডে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।