রৌমারীতে ভারতীয় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী এলাকার একটি পুকুরপাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দবেড় ইউনিয়নের ঝুনকির চর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আব্দুল হান্নান (৩৬) এবং মৃত মোগগুল হোসেনের ছেলে হাসমত আলী (৩০)। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ভারতীয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী বা কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে রৌমারী থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"
স্থানীয়দের মতে, পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।