লক্ষ্মীপুর প্রতিনিধি:অহিদুল ইসলাম
লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ নম্বর লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দাদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে একটি ইউনিয়ন ভূমি অফিস থেকে। তবে অফিসটির নামফলকে লেখা রয়েছে ‘জকসিন ইউনিয়ন ভূমি অফিস’। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই ভূমি অফিস থেকেই ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা নিয়ে আসছেন। কিন্তু অফিসের নাম ‘জকসিন ইউনিয়ন ভূমি অফিস’ হওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ লক্ষ্মীপুরে ‘জকসিন’ নামে কোনো ইউনিয়ন নেই।
এলাকাবাসীর প্রশ্ন, যদি অফিসটি লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দাদের ভূমি-সংক্রান্ত সেবা দিয়ে থাকে, তাহলে অফিসের নামের সঙ্গে লাহারকান্দি ইউনিয়নের নামের মিল নেই কেন? সরকারি একটি গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানের নামফলকে এমন অসঙ্গতি কীভাবে রয়েছে—এ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
স্থানীয়রা বলছেন, ভূমি অফিস সরকারি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এখানে জমি, খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করসহ নানা বিষয়ে সেবা নিতে প্রতিদিন সাধারণ মানুষ আসেন। তাই অফিসের নাম ও পরিচয় স্পষ্ট ও সঠিক থাকা প্রয়োজন।
তাদের অভিযোগ, অফিসের নাম নিয়ে দীর্ঘদিন ধরে অসঙ্গতি থাকলেও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে কি না, তা নিয়ে তারা নিশ্চিত নন। দ্রুত বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের প্রশ্ন—লাহারকান্দির বাসিন্দাদের সেবা দেওয়া ভূমি অফিসের নাম ‘জকসিন ইউনিয়ন ভূমি অফিস’ কেন? বিষয়টি কি কর্তৃপক্ষের নজরে আসবে?