লালপুরে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার
মোহাম্মদ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। খুলনার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চেতনানাশক বিভিন্ন সামগ্রীসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, লালপুরের গোপালপুর রেলগেট সংলগ্ন ‘ভাই ভাই ফল ভান্ডার’-এর দুই ব্যবসায়ীকে ফল বিক্রির কথা বলে কৌশলে চেতনানাশক মেশানো ডাব পান করানো হয়। ডাব পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অচেতন হয়ে পড়েন। এ সুযোগে তাদের কাছে থাকা ব্যবসায়ের নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তি।
ঘটনার পর ভুক্তভোগীরা সুস্থ হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে খুলনা জেলার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—নাটোরের গুরুদাসপুরের উদবাড়িয়া এলাকার মোঃ ইমরান খান (৩৭) এবং খুলনার দাকোপের বটবুনিয়া এলাকার মোঃ আব্দুল মুসা (৪২)।
পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে গ্রেপ্তার দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।
গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।