লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি
আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি শিক্ষামূলক অনুষ্ঠান চলাকালে জয় বাংলা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দেওয়ার ঘটনায় ২২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।বিদ্যালয় প্রাঙ্গণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আগামীর আলোর যাত্রা শীর্ষক একটি শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দিতে শুরু করে।
এ সময় জয় বাংলা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে।ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্লোগান দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ২২ শিক্ষার্থীকে আটক করে।পুলিশ সূত্রে জানা যায়,আটকের পর শিক্ষার্থীদের বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়।পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।তবে শিক্ষার্থীরা কী উদ্দেশ্যে স্লোগান দিয়েছিল,সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।একই সঙ্গে মোবাইল ফোন জব্দের কারণ এবং এ বিষয়ে পরবর্তী কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হবে কি না,তা-ও স্পষ্ট নয়।