আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেপরোয়া গতির বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন।নিহত ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় বাসচালককে আটক করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে উপজেলার মাওয়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় পদ্মা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দুর্ঘটনার সময় অজ্ঞাতপরিচয় ওই যুবক সড়কের আইল্যান্ডের ওপর শুয়ে ছিলেন।এ সময় উপজেলার কনকসার থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের একটি বাস দ্রুতগতিতে এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,মাওয়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় সড়কের আইল্যান্ডের ওপর শুয়ে থাকা ওই যুবককে মহানগর এক্সপ্রেসের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান,এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।পাশাপাশি দুর্ঘটনায় জড়িত মহানগর এক্সপ্রেসের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।নিহত যুবকের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।