লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ তদারকি অভিযানে একটি ফার্মেসি ও দুটি মুদি দোকানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রের বাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ হাওলাদার।অভিযান সূত্রে জানা যায়,বাজারের বেপারী মেডিকেল নামের একটি ফার্মেসিতে তল্লাশি চালিয়ে বিক্রির জন্য সাজিয়ে রাখা মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।এ ছাড়া বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল ওষুধের গায়ে কলম দিয়ে মূল্য লিখে বিক্রির চেষ্টা এবং বাংলাদেশ সরকারের অনুমোদনহীন বিভিন্ন বিদেশি ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ফার্মেসিটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে,একই বাজারের একটি মুদি দোকানে জর্দার রং হিসেবে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নন-ফুড গ্রেড ইন্ডাস্ট্রিয়াল কালার বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে অপর একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সব মিলিয়ে অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসিফ হাওলাদার দৈনিক মুন্সীগঞ্জ সংবাদকে জানান,মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং খাদ্যপণ্যে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।তিনি আরও জানান,সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং বাজারে ন্যায্যমূল্য ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এ ধরনের তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।