শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে গাগলী সুপার লীগের উদ্বোধন
দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
‘আনন্দ আর কোলাহল, মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনে চতুর্থবারের মতো শুরু হয়েছে গাগলী সুপার লীগ (জিএসএল)।
শনিবার(৩১ অক্টোবর) বিকেল ২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের মাঠে মাসব্যাপী এ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান খেলাধুলার প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন। এত সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। মাদককে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি। যেখানে মাদকসেবী ও মাদক কারবারি থাকবে, সেখান থেকে মাদক নির্মূলে আমরা সবাই মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করব। আমি গাগলী সুপার লীগের পাশে আছি এবং এ টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডাক্তার সৈকত দাশ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংগঠক জিএম তাসজিদ, জেলা ক্রিকেট কোচ জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্য প্রবাসী শাহীয়ান ও জাহাঙ্গীর আলম, গাগলী গ্রামের প্রবীণ মুরব্বি আপ্তর আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
এ ছাড়া গাগলী সুপার লীগ পরিচালনা পরিষদের সদস্য শিক্ষক সুলেমান কবির, আবু তাহের ছনিসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইয়ামিন চ্যালেঞ্জার্স ও আদিবা এন্ড ইহান এলিভেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে প্রতিপক্ষকে ৪ উইকেটে পরাজিত করে জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে ইয়ামিন চ্যালেঞ্জার্স।