শারদীয় দুর্গাপূজা ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চকরিয়া থানায় মতবিনিময় সভা
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে চকরিয়া থানা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চকরিয়া থানার কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল আজিজ।
সভায় বক্তব্য দেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম সিদ্দিকী মাসুম, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনধীর দাশ, ও সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন, অর্থ সম্পাদক হিমাসু সশীল।
এ ছাড়া চকরিয়া পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন দাশ, সাধারণ সম্পাদক লালন শর্মা কাকন এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুব উদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপসহ সংশ্লিষ্ট এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।