শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাটুরিয়ায় বিএনপি নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপির দিকনির্দেশনায় সাটুরিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও উৎসবের প্রস্তুতি ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মো. আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আজাদ বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসীন উজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আমীর হামজা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক আলীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাথে ছিলেন বসাক পাড়া পূজা উৎযাপন কমিটির সভাপতি সুমন সরকার।
এ সময় নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তাঁরা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে উৎসব উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাটুরিয়ায় শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে—এমন প্রত্যাশা স্থানীয়দের।