শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাঁচামারা গ্রামে সরকারি রাস্তার মাটি কেটে ব্যক্তিগত জমির আইল তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রস্তাবিত পাকা সড়ক নির্মাণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা জয়নাল প্রামাণিক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন বাঁচামারা গ্রামের মৃত কেরাম মোল্লার ছেলে মো. আব্দুল মাজেদ (৪০), মো. লালন হোসেন (৫২) ও মো. আলতাব হোসেন (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে পিআইও কার্যালয়ের মাধ্যমে বাদীর বাড়ির সামনের রাস্তায় মাটি ভরাট করে উন্নয়ন করা হয়। তবে এরপর থেকে অভিযুক্তরা বিভিন্ন সময়ে ওই রাস্তা কেটে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তার নিচে প্রায় ৫০ বছর আগে কৃষিজমিতে পানি সরবরাহের জন্য একটি সেচ ড্রেন নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে ড্রেনটি পরিত্যক্ত হয়ে পড়লে এলাকাবাসী সেটির ওপর দিয়ে চলাচলের পথ হিসেবে জায়গাটি ব্যবহার করতে শুরু করেন।অ কি
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি ওই রাস্তা পাকা করার জন্য বরাদ্দ আসার পর থেকে নির্মাণকাজে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। রাস্তার মাটি কেটে নেওয়ার পাশাপাশি রাস্তার প্রবেশমুখে বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগও করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের দাবি, রাস্তা বন্ধ ও চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে সমস্যা হচ্ছে। দ্রুত রাস্তার প্রতিবন্ধকতা দূর করে সড়কটি পাকা করার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
অভিযোগে জয়নাল প্রামাণিক আরও উল্লেখ করেন, গত ৬ নভেম্বর বিকেল ৫টার দিকে অভিযুক্তরা আবারও সরকারি রাস্তার মাটি কেটে ধানখেতের আইল নির্মাণের চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী দ্রুত অভিযোগের তদন্ত, রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।