`শিক্ষক যখন সাংবাদিক, তখনই সমাজে আলো জ্বলে`
> এস এম মাহমুদুল করিম হাশেমী
প্রতিনিধি: লামা (বান্দরবান) উপজেলা
শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি আদর্শ। আর সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশন নয়, এটি সমাজের দর্পণ। এই দুটি মহৎ পেশা যখন একই মানুষের মাঝে মিলিত হয়, তখনই সমাজ সত্যিকারের আলোর মুখ দেখে।
আজ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকতার নামে এমন কর্মকাণ্ড হচ্ছে যা শিক্ষার মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। ভাষার শালীনতা, তথ্যের সত্যতা এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে কিছু ব্যক্তি কলমকে হাতিয়ার না বানিয়ে, হাতিয়ার বানাচ্ছেন ব্যক্তিগত রোষের। যার প্রভাব গিয়ে পড়ছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সমাজের ওপর।
একজন শিক্ষক জাতির কারিগর। তিনি মানুষ গড়েন। তার সাথে পাঙ্গা নেওয়া মানে, নিজের শেকড়ের সাথে বিরোধিতা করা। যখন অশিক্ষা ও অর্ধশিক্ষা সাংবাদিকতার চেয়ারে বসে, তখন সেখান থেকে শিষ্টাচার আশা করা যায় না। ফলে সমাজে তৈরি হয় অস্থিরতা, বাড়ে বেয়াদবি, কমে যায় শ্রদ্ধাবোধ।
তাই সময় এসেছে একটি সুন্দর পরিবর্তনের।
আমরা চাই, প্রতিটি শিক্ষক সাংবাদিকতার সাথে যুক্ত হোক। একজন শিক্ষিত, মার্জিত ও ভাষায় দক্ষ মানুষ যখন সাংবাদিকতা করবেন, তখন —
*১. শিক্ষার আলো ছড়াবে:* তার লেখায় থাকবে তথ্য, যুক্তি ও গবেষণা। ভুল বানান আর ভুল তথ্যে ভরা সংবাদ নয়, থাকবে জ্ঞানগর্ভ বিশ্লেষণ।
*২. মানবিকতা জাগবে:* একজন শিক্ষক জানেন, একটি শব্দ কিভাবে একটি শিশুর জীবন বদলে দিতে পারে। তার কলমে আঘাত নয়, থাকবে মানবিকতার পরশ।
*৩. ভাষার সৌন্দর্য ফিরবে:* বাংলা ভাষার শুদ্ধতা, শব্দের শালীনতা একজন শিক্ষকের কাছ থেকেই জাতি সবচেয়ে ভালো শিখতে পারে। তার লেখা হবে সমাজের জন্য পাঠশালা।
আমরা কোনো সাংবাদিককে ছোট করছি না। দেশে বহু সৎ, নির্ভীক ও শিক্ষিত সাংবাদিক রয়েছেন যারা জাতির বিবেক। কিন্তু যে মুষ্টিমেয় অপসাংবাদিকতা শিক্ষকদের সম্মানহানি করে, ক্রাইম রিপোর্টের নামে হয়রানি করে, তাদের থেকে আমাদের শিক্ষাগুরুদের হেফাজত করা প্রয়োজন।
প্রশাসন, সুশীল সমাজ এবং International Human Rights Journalist Society এর মতো সংগঠনগুলোর উচিত এই বিষয়ে সোচ্চার হওয়া। সাংবাদিক হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, ভাষার দক্ষতা এবং নৈতিকতার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হোক।
আসুন, আমরা শিক্ষকদের হাতে কলম তুলে দিই। শিক্ষক যখন সাংবাদিক হবেন, তখন সংবাদপত্রে মিথ্যা নয়, সত্য ছাপা হবে। হিংসা নয়, শ্রদ্ধা ছড়াবে। আর সেই আলোতেই আলোকিত হবে আমাদের আগামীর বাংলাদেশ।