শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
বাড়ি পরিদর্শনের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, হাজিরার তথ্য উপস্থাপন ও শিক্ষার মানোন্নয়নে যৌথ প্রচেষ্টা
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং অভিভাবকদের আরও সচেতন ও সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ফেনী সেন্ট্রাল হাই স্কুল। বিদ্যালয়ের উদ্যোগে গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই কর্মসূচিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব আলাল উদ্দিন আলাল, প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। তারা কালিদহ ও ধলিয়া ইউনিয়নসহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের সার্বিক শিক্ষাগত অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনের সময় শিক্ষার্থীদের হাজিরা খাতা অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয়। এর মাধ্যমে তারা তাদের সন্তানদের বিদ্যালয়ে উপস্থিতির প্রকৃত তথ্য জানতে পারেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুশৃঙ্খল শিক্ষাজীবন গড়ে তুলতে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন শিক্ষকরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে বিদ্যালয় ও অভিভাবকের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের অনুপস্থিতি কমানো, ঝরে পড়া রোধ করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের বাড়ি পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিভাবকরাও বিদ্যালয়ের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা মনে করেন, শিক্ষকদের সরাসরি বাড়িতে এসে খোঁজখবর নেওয়া শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ বাড়াবে এবং অভিভাবকদেরও সন্তানদের শিক্ষা সম্পর্কে আরও সচেতন হতে উৎসাহিত করবে।
বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।