শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও
এস এম আলমগীর হোসাইন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
অর্থাভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে না পারা ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। তাঁর আন্তরিক উদ্যোগ এবং স্থানীয় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সহযোগিতায় জান্নাতুল আক্তার নামের ওই শিক্ষার্থীর গলার টনসিলের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনা খরচে সম্পন্ন হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার পাঁচ্চর রয়েল হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান ইউএনও।জান্নাতুল শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের বাসিন্দা। সে স্থানীয় আল-বাইতুল মামুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।পরিবার সূত্রে জানা যায়, মাত্র আট বছর বয়স থেকেই জান্নাতুলের টনসিলের সমস্যা শুরু হয়। প্রথম দিকে তেমন জটিলতা না থাকলেও গত পাঁচ থেকে ছয় মাসে তার শারীরিক কষ্ট অনেক বেড়ে যায়। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না।জান্নাতুলের বাবা জীবিকার তাগিদে ঢাকায় একটি রডের দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর সীমিত আয়ে পাঁচ সদস্যের সংসার চালানোই কঠিন হয়ে পড়ে। মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পেরে তার মা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চান। শেষ পর্যন্ত কোনো কার্যকর সহায়তা না পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি তুলে ধরেন।পরিবারটির দুরবস্থার কথা জানতে পেরে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে এগিয়ে আসেন ইউএনও এইচ এম ইবনে মিজান। তিনি শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীর চিকিৎসায় সহযোগিতার অনুরোধ জানান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে সমিতি বিনা মূল্যে অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা করে।জান্নাতুলের পরিবারের সদস্যরা জানান, মেয়ের দীর্ঘদিনের অসুস্থতা এবং অস্ত্রোপচারের খরচ নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় ছিলেন। বিভিন্ন জায়গায় চেষ্টা করেও চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি। ইউএনওর উদ্যোগে বিনা খরচে অস্ত্রোপচার সম্ভব হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন। এ মানবিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আবুল খায়ের খান বলেন, ইউএনওর মাধ্যমে বিষয়টি জানার পর সমিতির পক্ষ থেকে শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল মানুষের পাশে থাকার প্রত্যাশা রয়েছে তাঁদের।ইউএনও এইচ এম ইবনে মিজান কালের কণ্ঠকে বলেন, অসহায় শিক্ষার্থীটির চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি জানার পর তিনি উদ্যোগ নেন। এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।তিনি আরও বলেন, সমাজে অনেক মানুষ রয়েছেন, যাঁরা শুধু অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি স্থানীয় ক্লিনিক মালিকদের প্রতি আহ্বান জানান।