শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান
এস এম আলমগীর হোসাইন
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা:
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য, নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় শিবচর পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। সভা সঞ্চালনা করেন শিবচর উপজেলা বিএনপির সদস্য শচীব সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহের গোমস্তা, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হান্নান মিয়া, শিবচর পৌরসভা বিএনপির সদস্যসচিব আজমল হোসেন খান সেলিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিবচরের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সন্ত্রাসী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে, তাহলে তাদের গায়ের পোশাক খুলে নেওয়া হবে। শেখ হাসিনাকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তিনি বলেন, ১৪ শত মানুষকে হত্যার পর তিনি নিজের আত্মীয়স্বজন নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর আহ্বানে কেউ যেন রাস্তায় না নামেন, সে অনুরোধও জানান তিনি।
আগামী ২৮ নভেম্বর মাদারীপুর জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জে অবস্থান করার কথা জানিয়ে তিনি বলেন, গোপালগঞ্জের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে নিরীহ মানুষ হত্যার বিচারের রায় কার্যকরের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে অতীতের মতো ভবিষ্যতেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সক্রিয় ও সতর্ক থাকতে হবে।
সভাপতির বক্তব্যে শাহাদাত হোসেন খান বলেন, শিবচরে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। কেউ এমন অপচেষ্টা চালালে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পৃথিবীতে সবকিছু বিশ্বাস করা গেলেও আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। বন্দুক ও গুলির ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা সম্ভব নয়।
সভায় বক্তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। পাশাপাশি শিবচরের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।