শিশুদের খেলাধুলায় আগ্রহী করতে সাটুরিয়ায় খুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ)
বর্তমান সময়ে শিশুদের মধ্যে মোবাইল ফোন, ভিডিও গেম ও বিভিন্ন প্রযুক্তিনির্ভর বিনোদনের ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অনেক শিশুই মাঠভিত্তিক খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ ও নির্মল বিনোদনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের কৈজুরী গ্রামে হাজেরা রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “খুদে ফুটবল টুর্নামেন্ট-২০২৬
মোবাইল ছেড়ে খেলা ধরি, সুস্থ সুন্দর জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সাটুরিয়া উপজেলায় কৈজুরীতে খুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় শিশু-কিশোর, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টে অংশ নেয় অভি-অনি ফুটবল একাদশ এবং কৈজুরী খুদে ফুটবল একাদশ। অভি-অনি ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন আব্দুল্লাহ আর রাফি এবং কৈজুরী খুদে ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন মো. ইমরুল হোসেন। উভয় দলের ১১ জন করে খেলোয়াড় মাঠে অংশগ্রহণ করে। খেলার নির্ধারিত সময় শেষে অভি-অনি ফুটবল একাদশ ১ - ০ গোলের ব্যবধানে কৈজুরী খুদে ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শফি কামাল, কান্ট্রি ম্যানেজার, হুয়ানইউ ইন্ডাস্ট্রিয়াল ট্রেড কোং লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈজুরী নব কল্লোল যুব সংঘের সভাপতি আব্দুর রউফ। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজেরা রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল কৈজুরী নব কল্লোল যুব সংঘ ও কৈজুরী যুব উন্নয়ন সংগঠন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ফোন ও প্রযুক্তিনির্ভর বিনোদনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োজকরা জানান, শিশুদের সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত শৈশব গড়ে তোলা এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। খেলা শেষে সকল খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে একটি করে মেডেল উপহার দেওয়া হয়। উপস্থিত দর্শক ও অভিভাবকরা এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান।