নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার (০৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি এবং স্ক্রল নিউজে দেখেছি যে, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’
তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। আবেদনটির আইনগত ভিত্তি কী আছে, এটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং তার আবেদন করার অধিকার আছে কি না—ইত্যাদি খুঁটিনাটি আইন-কানুন যাচাই-বাছাই শেষে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।
প্রত্যর্পণের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তবে প্রাইমা ফেসি কেস (Prima facie case) হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠানো হয়েছে, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’
এদিকে, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মাঝে কিছু বাস ও স্থাপনায় আক্রমণ করছে। পুলিশ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং তা প্রতিহত করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।)