শেরপুরে ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মহোদয়, রোগীদের উপহার দিলেন মশারি
মোঃ শাহিন মিয়া
শেরপুর থেকে.(শ্রীবরদী উপজেলা প্রতিনিধি)
২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালে প্রতিদিন হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই জেলা সদর হাসপাতালটি কাগজে-কলমে ২৫০ শয্যা হলেও মূলত পূর্বের ১০০ শয্যার অবকাঠামো ও লোকবল রয়েছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষের হিমশিম খেতে হচ্ছে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে।
ডেঙ্গু রোগীদের জন্য মশারি জরুরি হলেও পর্যাপ্ত মশারি না থাকায় শেরপুর জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বৃহস্পতিবার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ সাজ্জাৎ হোসেন এর কাছে ২৫ টি মশারি হস্তান্তর করেন। পরবর্তীতে আরও মশারি দেয়া হবো বলে তিনি জানিয়েছেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ জান্নাতুল ফেরদৌস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাসলিম আরিফ, মেডিসিন কনসালটেন্ট ডাঃ আসাদুজ্জামান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সহ হাসপাতালের অন্যান্য ডাক্তারবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই হাসপাতালে ৩০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ২৪৮ জন ডোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই হাসপাতালে মোট ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। তবে এসব রোগীর মধ্যে বেশিরভাগই ঢাকা বা দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়ে শেরপুরে এসে ভর্তি হয়।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ শাজ্জাৎ হোসেন বলেন, হাসপাতালে বেড সংখ্যা সীমিত এবং লোকবল সঙ্কটের মধ্যেও আমরা সার্বক্ষণিক ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীদের মশারি দেওয়া হলেও সুস্থ হয়ে অনেক রোগী ওই মশারি নিয়ে বাড়ি চলে যায়। ফলে হাসপাতালে মশারি সংকট রয়েছে। জেলা প্রশাসকের দেয়া মশারিতে রোগীদের অনেক উপকার হবে।