শেরপুরে তিন শতাধিক ব্যবসায়ীর অংশগ্রহণে আইবিডব্লিউএফের সমাবেশ
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরে ব্যবসায়িক উন্নয়ন, সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বানের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলার পাঁচ উপজেলার তিন শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
শহরের মাধবপুর এলাকায় অবস্থিত শেরপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ট্রেজারার মো. হুমায়ুন কবীর পাটোয়ারী, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামসুদ্দোহা মাসুম, মো. ফজলে আজীম পারভেজ এবং শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া ডিপি।
সমাবেশে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় তাঁরা নিজ নিজ ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও নতুন উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং সঠিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অপরের পাশে দাঁড়িয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা গেলে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
সমাবেশে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বলেন, এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসার পরিধি সম্প্রসারণ ও নতুন সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।