শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নানা অনিয়মের অভিযোগে তিনটি ফার্মেসীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে শ্রীনগর বাজারে এই অভিযান চালানো হয়। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনস্বার্থে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং নকল ও ভেজাল ওষুধ রোধসহ নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শ্রীনগর বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ২টি এবং ৫৩ ধারায় ১টিসহ মোট ৩টি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দায়েরকৃত মামলায় তিনটি ফার্মেসীকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেনসহ পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের নাসির উদ্দিন সম্রাট।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বার্থে ও ভোক্তাদের সুরক্ষায় প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।