মোঃ মমিনুর রহমান খান লিকু, গাজীপুর।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাধখলা পূর্বপাড়া (স্থানীয়ভাবে 'রিফুজি পাড়া') এলাকাটি এখন মাদকের অন্যতম বিপজ্জনক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দুই উপজেলার সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থান, দুর্বল যোগাযোগব্যবস্থা ও বিচ্ছিন্ন বসতিকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এখানে অবাধে চলছে মাদকের কেনাবেচা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবী ও ক্রেতাদের আনাগোনায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।
অনুসন্ধান ও স্থানীয়দের অভিযোগে এই মাদক কারবারের মূল নিয়ন্ত্রক হিসেবে উঠে এসেছে শিপু ওরফে 'ঘরজামাই শিপু'র নাম। ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা শিপু স্থানীয় নজরুলের মেয়ে সাজেদাকে বিয়ে করে এলাকায় বসবাস শুরু করেন। এরপর থেকেই মূলত এলাকায় তাঁর প্রভাব ও মাদকের বিস্তার বাড়তে থাকে।
সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে মাধখলা পূর্বপাড়াকে কেন্দ্র করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। শিপুর বিরুদ্ধে অতীতে একাধিক মাদক মামলা রয়েছে এবং কয়েক দফায় তিনি গ্রেপ্তার হয়ে কারাগারেও গেছেন। তবে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে বারবার তিনি একই কারবারে জড়িয়ে পড়ছেন।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মাদক বহর, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ ও সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে স্থানীয় উঠতি বয়সী তরুণ ও কিশোরদের। মাদককে কেন্দ্র করে এলাকায় কিশোরদের একটি সংঘবদ্ধ দলও সক্রিয় হয়ে উঠেছে।
সন্তানদের মাদক থেকে দূরে রাখতে গিয়ে স্থানীয় পরিবারগুলো চরম সামাজিক ও পারিবারিক অস্থিরতার মুখোমুখি হচ্ছে:
অভিভাবকদের ওপর হামলা: মাদক সেবনে বাধা দেওয়ায় পরিবারের সদস্যদের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বাবার ওপর প্রাণঘাতী হামলা: কিছুদিন আগে মাদকাসক্ত এক কিশোর নিজ বাবাকে দা দিয়ে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
হয়রানি, হামলা ও ভীতি প্রদর্শনের কারণে স্থানীয় মানুষজন প্রকাশ্যে এর প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না, ফলে সামাজিক প্রতিরোধও দিন দিন দুর্বল হয়ে পড়ছে।