শ্রীবরদী সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি
মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী(শেরপুর) উপজেলা প্রতিনিধি
শেরপুর জেলার শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবির অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ১৮ অক্টোবর (রোববার) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল শ্রীবরদী উপজেলার কুমারঘাতি নামক স্থানে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমারঘাতি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কেটে পড়লে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৩৮ হাজার টাকা।
ঘটনার সাথে সম্পৃক্ত ৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে শেরপুর জেলার শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সাথে জব্দকৃত ভারতীয় মদ শ্রীবরদী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, বিজিবি মাদক ও চোরাচালান নির্মূলে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকাকে নিরাপদ রাখতে, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ রুখতে দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। মাদকের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর ও কঠোরতা নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।