মশাহিদ আহমদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ১৪০ লিটার চোলাই মদসহ খোকন রবিদাস (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অটোরিকশাটি থেকে ১৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মদসহ খোকন রবিদাসকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খোকন রবিদাস শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগানের পূর্ব লাইনের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।