মোঃ আনোয়ার পারভেজ কুমিল্লা
কুমিল্লার চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি, দেশপ্রেম এবং দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।
আলোচনা সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে এবং দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা ও শিল্পকর্মের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাঁদের সহযোগিতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ইতিহাস, দেশপ্রেম, সৃজনশীলতা ও ঐক্যের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।