সমিতিপাড়ায় সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বাপ্পি গ্রেপ্তার
মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের সমিতিপাড়ায় আলোচিত সেলুনকর্মী কিশোর সুকান্ত (১৫) হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাপ্পি (২০)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল রবিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাপ্পিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাপ্পি কক্সবাজার সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে। তিনি সুকান্ত হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় পরোয়ানাভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ আরও জানায়, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।