সাংবাদিক এম তরিকুল ইসলামের মা তাহমিনা বেগম আর নেই
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক,লৌহজং প্রেসক্লাবের সভাপতি,এসএটিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক সংগ্রামের লৌহজং সংবাদদাতা সাংবাদিক এম তরিকুল ইসলাম মাহবুবের মা তাহমিনা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার বেলা ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।তাহমিনা বেগম শ্রীনগরের দোগাছি বাজার জামে মসজিদের সাবেক ইমাম মরহুম মাওলানা এম এ ইউসুফ সিদ্দিকীর স্ত্রী।মৃত্যুকালে তিনি তিন ছেলে,দুই মেয়ে,নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।সোমবার বাদ মাগরিব দোগাছি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।পরে মঙ্গলবার মাগরিবের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় জানাজা শেষে মরহুমার মরদেহ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কপালভেড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তাহমিনা বেগমের মৃত্যুতে বিক্রমপুর প্রেসক্লাব,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,শ্রীনগর প্রেসক্লাব ও লৌহজং প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া জামায়াতে ইসলামী,বিএনপিসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দও তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।মরহুমার পরিবারের পক্ষ থেকেও তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।