জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত পল্লীসেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে।
সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে কারা, কী কারণে এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পৃক্ততারও প্রমাণ পাওয়া যায়নি। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।