দেবাশীষ চাকমা, খাগড়াছড়ি।
খাগড়াছড়ি পার্বত্য জেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ট্রেজারি ভবন ও ট্রেজারি কার্যক্রম। এর ফলে জেলার সরকারি অর্থ ব্যবস্থাপনা, বিভিন্ন সরকারি দপ্তরের ট্রেজারি-সংক্রান্ত কার্যক্রম এবং সাধারণ মানুষের স্ট্যাম্প ভেন্ডার সেবা এখন থেকে স্থানীয় পর্যায়েই পাওয়া সম্ভব হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলায় ট্রেজারি ভবন ও কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের গত সাত মাসের নিরলস ও সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম চালুর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, খাগড়াছড়িতে ট্রেজারি কার্যক্রমের সূচনা জেলার প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় একটি ঐতিহাসিক মাইলফলক।
নতুন এ কার্যক্রম চালুর ফলে সরকারি অর্থ ব্যবস্থাপনা ও বিভিন্ন দপ্তরের ট্রেজারি-সংক্রান্ত কাজ সম্পাদনে জেলার বাইরে নির্ভরতা কমবে। একই সঙ্গে সাধারণ মানুষ স্থানীয় পর্যায়েই স্ট্যাম্প ভেন্ডারদের মাধ্যমে প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে সরকারি সেবা গ্রহণ আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন উপলক্ষে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। এ ছাড়া তিনি খাগড়াছড়ি পৌরসভা এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।খাগড়াছড়িতে ট্রেজারি কার্যক্রম চালু হওয়াকে জেলার প্রশাসনিক সেবা সম্প্রসারণ ও আর্থিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।