মোঃ রাসেদ আলী,পত্নীতলা উপজেলা প্রতিনিধি
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাপাহার জোনাল অফিসের উদ্যোগে অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদে রাত্রীকালীন অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার (১১সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টার দিকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন ৪ নম্বর দিবর ইউনিয়নের উমরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সাপাহার জোনাল অফিসের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। এ সময় অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন ও উচ্ছেদে কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযান চলাকালে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা জানান, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণ ও ব্যবহার বন্ধে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। বিদ্যুৎ চুরি রোধ এবং বৈধ গ্রাহকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলেন, রাতের বেলায় এমন অভিযান পরিচালনার ফলে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে সচেতনতা বাড়বে এবং বিদ্যুৎ চুরি নিয়ন্ত্রণে সহায়ক হবে।পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকদের বৈধভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণ এবং কোনো ধরনের অবৈধ সংযোগ ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।