সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ (নওগাঁ) জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে রান্নাঘরে লিকেজ হওয়া এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দম্পতি হলেন সাপাহার উপজেলার গোপালপুর সোনাডাঙ্গা গ্রামের সোলায়মান আলী (৬৫) ও তাঁর স্ত্রী আফরোজা বেগম (৬২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে বাড়িতে কয়েল জ্বালানোর জন্য রান্নাঘরে যান আফরোজা বেগম। এ সময় তিনি গ্যাস লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে রান্নাঘরে আগে থেকে লিকেজ হওয়া এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হয়ে চিৎকার করতে থাকেন।
স্ত্রীর চিৎকার শুনে পাশের ঘর থেকে দ্রুত ছুটে আসেন স্বামী সোলায়মান আলী। স্ত্রীকে আগুনের হাত থেকে রক্ষা করতে গিয়ে তিনিও অগ্নিদগ্ধ হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে ওই রাতেই চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
দীর্ঘ কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ২১ নভেম্বর বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলায়মান আলী। ওই দিন তাঁর মরদেহের সঙ্গে স্ত্রী আফরোজা বেগমকেও গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে সোলায়মান আলীকে দাফন করা হয়। তবে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন ২২ নভেম্বর ভোর ৫টার দিকে স্ত্রী আফরোজা বেগমও শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এভাবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
একটি অসতর্ক মুহূর্ত ও গ্যাস সিলিন্ডারের লিকেজ যে একটি পরিবারের জন্য কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, সাপাহারের এই মর্মান্তিক ঘটনা তারই দৃষ্টান্ত।