সারের ডিলারশিপ পেলেন রুকন ফকির, এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা
জামালপুর জেলা প্রতিনিধি, মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে জেলা কমিটির সুপারিশক্রমে প্রথম স্থানে রয়েছে মেসার্স রওজা ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ রুকনুজ্জামান রুকন ফকির। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানটি রশিদপুর ইউনিয়নের রামনগর নতুন বাজারে অবস্থিত।
প্রাপ্ত নথি অনুযায়ী, জামালপুরের জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির অনুমোদনক্রমে সার ডিলারশিপ-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। নথিতে উল্লেখিত শর্ত অনুযায়ী, প্রাথমিকভাবে অস্থায়ীভাবে ডিলারশিপ প্রদান করা হবে। নিয়োগের তারিখ থেকে তিন মাস সংশ্লিষ্ট ডিলারের কার্যক্রম পর্যালোচনা করা হবে। এ সময় কার্যক্রম সন্তোষজনক প্রতীয়মান হলে পরবর্তী সময়ে ডিলারশিপ স্থায়ী করার বিষয়টি বিবেচনা করা হবে।
এ ছাড়া সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬-এর নির্ধারিত শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মোঃ রুকনুজ্জামান রুকন ফকির রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম শামস উদ্দিন ফকির ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। পারিবারিক পরিচিতি ও এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে রুকন ফকিরকে ঘিরে স্থানীয়ভাবে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।
কৃষিপ্রধান এই অঞ্চলে কৃষকদের জন্য সময়মতো সার প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে দায়িত্বশীলতা, সততা, স্বচ্ছতা ও কৃষকবান্ধব মনোভাব নিয়ে কাজ করলে রুকন ফকির এলাকার কৃষকদের আস্থা অর্জনে সক্ষম হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। সঠিক নিয়মে সার বিতরণ, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে তিনি এলাকার কৃষি কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন—এমন আশাবাদ স্থানীয়দের।
ডিলারশিপ-সংক্রান্ত কার্যক্রমের এই পর্যায়ে রুকন ফকির এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে কৃষকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সে জন্য সবার দোয়া প্রত্যাশা করেছেন।
সংশ্লিষ্টদের মতে, সার ডিলার নিয়োগ ও সার বিতরণে স্বচ্ছতা, জবাবদিহি এবং নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে কৃষকেরা উপকৃত হবেন এবং এলাকার কৃষি উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে।