মুহাম্মদ সালাহ উদ্দীন আলীকদম, বান্দরবান
বান্দরবানের আলীকদম সীমান্তে ৫৭ বিজিবির সতর্ক নজরদারিতে ১৪ জন মিয়ানমার নাগরিক আটক হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সী ওই ব্যক্তিরা ক্লাইলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করলে বিজিবি তাদের হেফাজতে নেয়।পরে ব্যাটালিয়ন সদরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তবে বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, তারা ছিলেন নিরস্ত্র ও বেসামরিক পোশাকে।বাংলাদেশের ভূখণ্ডে বিদেশি নাগরিকের প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে প্রচলিত ফরেনার্স অ্যাক্ট এবং সীমান্ত ও অভিবাসন-সংক্রান্ত আইন ও বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক।এ ঘটনায় অননুমোদিতভাবে সীমান্ত অতিক্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার (১৯ আগস্ট) আটক ১৪ জনকে আলীকদম থানায় হস্তান্তর করে ৫৭ বিজিবি।দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবির নিয়মিত নজরদারি, চেকপোস্টে সতর্কতা এবং সন্দেহজনক ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত প্রক্রিয়ায় নেওয়ার এই পদক্ষেপ সীমান্ত নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কার্যকর ভূমিকার প্রতিফলন।
সীমান্তের নিরাপত্তা রক্ষায় ৫৭ বিজিবির কঠোর প্রহরা ও দায়িত্বশীল তৎপরতা অব্যাহত রয়েছে।