সুন্দরগঞ্জে তীব্র দাবদাহে তালগাছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
১০/০৮/২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে তীব্র দাবদাহের কারণে আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা পাশাপাশি তিনটি তালগাছে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ (খুঁজিয়ার মোড়) এলাকায় এই ঘটনা ঘটে। তবে ফাঁকা জায়গায় এমন ঘটনা ঘটায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ করেই মহাসড়কের পাশে অবস্থিত ওই তিনটি তালগাছের ওপরের শুকনো অংশে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত সেখানে ভিড় জমান। সে সময় তীব্র তাপদাহ ও বাতাসের কারণে আগুন আশপাশের গাছপালা এবং বসতবাড়িতে ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বললেন, দুপুরে হঠাৎ দেখি রাস্তার পাশের তালগাছগুলোর মাথায় আগুন জ্বলছে। প্রচণ্ড গরমের কারণে এমন ঘটনা আমরা জীবনে প্রথম দেখলাম। আগুন যেভাবে ছড়িয়ে পড়ছিল, তাতে আমাদের মনে হচ্ছিল আশপাশের বাড়িঘর ও দোকানপাটেও আগুন লেগে যাবে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
আরেক স্থানীয় বাসিন্দা নুরুন্নবী সরকার জানালেন, “প্রচণ্ড রোদের কারণে গাছের শুকনো ডালপালায় হয়তো আপনাআপনি আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো না এলে বড় ধরনের ক্ষতি হতে পারত। আশপাশে অনেক গাছপালা ছিল যা নিয়ে আমরা বেশ আতঙ্কে ছিলাম।
পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আল আমিন জানালেন, খবর পাওয়া মাত্রই আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র তাপদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে গাছের শুকনো অংশের ঘর্ষণে বা অন্য কোনো প্রাকৃতিক কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত সাপেক্ষে নিশ্চিত করে বলা যাবে।