সুন্দরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
২৯/০৯/২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটস সভাপতি ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে কোর্সে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও দিকনির্দেশনা দেন এলটি প্রতিনিধি মোছা. জিন্নাতুল ফেরদৌস।
উপজেলা স্কাউটস সম্পাদক এম মাহফুজুর রহমান লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন, সহকারী কমিশনার মোহাম্মদ আহসান হাবীব, কাব লিডার জিয়াউল ইসলাম, খানাবাড়ি এমইউ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইয়াকুব আলী, মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ও সাহাবাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।
ওরিয়েন্টেশন কোর্সে আগামী ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত কাব ক্যাম্পুরি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে। ক্যাম্পের ভেন্যু পরিদর্শন ও প্রস্তুতি তদারকির জন্য পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণ করা প্রয়োজন।
কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট ইউনিট গঠন ও কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা এবং জাতীয় পর্যায়ে স্কাউট কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।