বরিশাল। মেহেদী হাসান খোকা
সুন্দরবনে বনদস্যুদের লাগামহীন দৌরাত্ম্যে জিম্মি হয়ে পড়েছেন উপকূলের হাজারো জেলে ও বাওয়ালি। বনে প্রবেশ করলেই হত্যা অপহরণ ও নির্যাতনের হুমকিতে চরম খাদ্যসংকটে দিন কাটাচ্ছেন বনজীবীরা। জলদস্যুদের দ্রুত নির্মূল ও নিরাপত্তার দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁরা।
এর মধ্যেই গত রোববার রাতে সুন্দরবনের আগুনজ্বালা ও চালতেবাড়ি খাল থেকে ১০ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যু আমির আলী বাহিনী। অপহৃত জেলেদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে এবং ৭ দিনের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
অপহৃত জেলেরা হলেন রুবেল ইমরান খোরশেদ নুরুজ্জামান সিদ্দিক গাজী জহর আলী সুরত আলী মমিন মন্ডল দিদারুল ও ইমরান আলী। স্থানীয়দের অভিযোগ গাবুরা ইউনিয়নের আমীর আলী ও দাতিনাখালি গ্রামের আলম সানার নেতৃত্বে এই অপহরণের ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা জানান বারবার প্রশাসনের শরণাপন্ন হলেও কোনো কার্যকর ফল মিলছে না। উল্টো আন্দোলনের ছবি দেখে দস্যুরা সুন্দরবনের ভেতর থেকে জেলেদের হুমকি দিচ্ছে। বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন জানান দাবি আদায়ে নবম দিনের মতো আন্দোলন চলছে। দ্রুত অভিযান না চালালে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ শাহিনুর ইসলাম জেলে অপহরণের সত্যতা নিশ্চিত করে জানান প্রয়োজনীয় জলযান ও লোকবল সংকটের পরও বন বিভাগ দস্যুদের দমনে যৌথ অভিযান পরিচালনায় প্রস্তুত রয়েছে।
উপকূলের হাজারো মানুষের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত বনদস্যুদের নির্মূল এবং নির্বিঘ্নে বনে প্রবেশের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।