সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘অপারেশন জেনারেশন’
উপহারের হাসিতে মুখর গোপালপুর স্কুল
উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর।
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে মানবিক সংগঠন অপারেশন জেনারেশন এর উদ্যোগে ‘শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন। তিনি বলেন, শিশুদের প্রতি ভালোবাসা, শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম, অপারেশন জেনারেশনের প্রোগ্রাম ডিরেক্টর (অপারেশন) আলবার্ট আশিক বৈরাগী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন কাজী জাহাঙ্গীর হোসেন (এমজেএফ)।
অনুষ্ঠানে অতিথিরা শিশুদের হাতে ভালোবাসার উপহার তুলে দেন এবং তাদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।