সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ
মানিকগঞ্জ উপজেলা প্রতিনিধি, সাইফুর রহমান:
নড়াইলের কালিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নিহত জাসাস নেতা সোহেল রানা মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মানিকগঞ্জ জেলা শাখা।
রোববার (২২ নভেম্বর ২০২৬) মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ প্রেসক্লাব হয়ে ভাষাশহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলার সাতটি উপজেলার জাসাসের নেতাকর্মীরা অংশ নেন।
পরে ভাষাশহীদ রফিক চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদার। সমাবেশে বক্তব্য দেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ওহিদুল বিশ্বাস লোটাস, নাঈম খান, মঞ্জুর আলম পালু, আওলাদ হোসেন, সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট সেলিম আল দীন এবং জেলা জাসাসের সদস্যসচিব শামীম বিশ্বাসসহ সাতটি উপজেলার নেতারা।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে একজন সাংস্কৃতিক সংগঠকের জীবন কেড়ে নেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সোহেল রানা মোল্লার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে নিজ দলের কোনো নেতার আশ্রয়-প্রশ্রয়ে অপরাধীরা অবস্থান করছে—এমন প্রমাণ পাওয়া গেলে তাকেও ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে বক্তারা সোহেল রানা মোল্লা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশটি সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ও পৌর জাসাসের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক শাওন। শেষে নিহত জাসাস নেতা সোহেল রানা মোল্লার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।