হবিগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।
গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। এ সময় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বাস্তব চিত্র, হাসপাতালের ব্যবস্থাপনা ও নানা অনিয়মের বিষয়ে সরাসরি খোঁজ নেন মন্ত্রী।
পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের ফার্মাসিস্ট রিগান হোসেনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ ছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালের সাময়িক বরখাস্তকৃত মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান দীর্ঘ আড়াই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাকেও স্থায়ীভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
হাসপাতালের পরিদর্শনের সময় এক শিশু রোগীর অভিভাবক স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনদের বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয়। কাঙ্ক্ষিত সেবা পেতেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
পরে অন্যান্য রোগী ও স্বজনদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। তারা চিকিৎসাসেবার মান, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, ব্যবস্থাপনা এবং দালালদের দৌরাত্ম্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাভেদ জিল্লুল বারী সহ প্রশাসনের কর্মকর্তারা।
মন্ত্রী হাসপাতালের চিকিৎসক-নার্সদের দায়িত্ব পালন, রোগীদের চিকিৎসা ও সুযোগ-সুবিধা এবং সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে কোনো রোগী বা স্বজন যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
এদিকে হঠাৎ করে স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে উপস্থিত হওয়ায় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যস্ততা দেখা যায়। তবে পূর্বঘোষণা ছাড়া পরিদর্শন হওয়ায় রোগীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান মন্ত্রী।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী৷ তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে। কোনো কাজ করেনি। বরং চুপ করে ছিল। হাসপাতালের ৫ বছর আগের একটি জেনারেটর ফেলে রেখেছে। কোনো কার্যক্রম করেনি। আজ আমি নির্দেশনা দিয়েছি এটি খুলে দেখার জন্য যেন কাজে লাগানো যায়। তারা ডাক্তার নিয়োগ করেনি। টাকা পয়সা লুট করেছে। প্রতিটি কাজে অবহেলা করেছে। তিনি বলেন আসলে জনসংখ্যার তুলনায় প্রায় হাসপাতালগুলোতেই রোগী অত্যধিক হওয়ায় বেডের বাইরেও রোগী থাকতে হয়। সব রোগীকে খাবার দেওয়া যায় না। কোড নম্বর দিতে হয় ১০০ এর জন্য, কিন্তু রোগী হয় আড়ইশ’।এখন বেড, খাবার আমরা বৃদ্ধি করছি। আমি অন্য জায়গায় যা দেখেছি তার থেকে এখানে অনেক খারাপ অবস্থা। এখানে চিকিৎসক অপ্রতুল। এত রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম।
আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, আমরা চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করবো। ইতোমধ্যেই ৫ জন চিকিৎসককে আমরা এখানে পদায়ন করেছি। তারা যোগদানের পর আরও চিকিৎসক আমরা এখানে দেব।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজে ৫০টি এবং সদর হাসপাতালের জন্য আরও ৫০টি ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে। প্রতিটি জেলায়ই এভাবে দেওয়া হবে। তাহলে ঢাকা বা অন্য কোনো বড় শহরের উপরে রোগীর চাপ অনেক কমে যাবে। ইউনিয়ন হাসপাতালে চিকিৎসক, নার্স থাকবে। তারা ঘরে ঘরে দিয়ে মায়েদের দেখবে। বিভিন্ন পরীক্ষা করবে। আমরা উদ্যোগ নিচ্ছি সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা যায়।