হোসেনপুরে ময়লার দুর্গন্ধে পৌরবাসী অতিষ্ঠ,
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার বিভিন্ন এলাকায় দিনের পর দিন পড়ে থাকছে ময়লা-আবর্জনা। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি মশা-মাছির, উপদ্রব বাড়ছে। পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে।
পৌরসভার নতুন বাজার, মিষ্টিপট্টি, পুরান বাজার,বড় মসজিদ, পাইলট স্কুলের সামনে, ফলপট্টি ও হাসপাতাল মোড়সহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে ময়লার স্তূপ দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো কোনো স্থানে চার থেকে সাত দিন পর্যন্ত আবর্জনা পড়ে থাকে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন ময়লা পড়ে থাকায় দুর্গন্ধে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে আবর্জনা জমে থাকায় ব্যবসায়ী ও পথচারীদের ভোগান্তি হচ্ছে।
পরিচ্ছন্নতাকর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে, পৌরসভার পক্ষ থেকে সময়মতো পারিশ্রমিক না পাওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে নিয়মিত বর্জ্য অপসারণ ব্যাহত হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে ময়লা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত ময়লা অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে হোসেনপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও বসবাস যোগ্য পৌরসভা হিসেবে দেখতে চায় নগরবাসী।