১৭ বছর পেরিয়ে ১৮ বছরে "দৈনিক নবতান"
মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুর জেলা থেকে প্রকাশিত আঞ্চলিক "দৈনিক নবতান" ১৭ বছরের পথচলা অতিক্রম করে ১৮ বছরে পদার্পণ করেছে। ২০০৯ সালে যাত্রা শুরু করা পত্রিকাটি দীর্ঘ সময় ধরে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে পাঠকমহলে আস্থা অর্জন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে "দৈনিক নবতানের" সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন বলেন, দীর্ঘ এই পথচলা সহজ ছিল না। নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার নীতি থেকে বিচ্যুত হয়নি।
তিনি বলেন, শোষিত, বঞ্চিত ও সাধারণ মানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়েই "দৈনিক নবতানের" যাত্রা শুরু হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে মাঠপর্যায়ের সাংবাদিকদের নিষ্ঠা, পাঠকদের আস্থা, হকার, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সম্পাদক আরও বলেন, জামালপুরের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, অর্থনীতি ও জনজীবনের নানা দিক তুলে ধরতে "দৈনিক নবতান" নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে প্রিন্ট সংস্করণের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
তিনি বলেন, “১৭ পেরিয়ে নতুনের কেতন, সত্যের পথে দৈনিক নবতান”—এই প্রত্যয়কে ধারণ করে আগামী দিনগুলোতেও দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক পাঠক, গ্রাহক, হকার, বিজ্ঞাপনদাতা, প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।