২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জ জেলায় ১২,৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬,০৮৯ জন পাস করেছে।
গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের ছাত্রীরা জেলার ফলাফলকে এগিয়ে রেখেছে। ছাত্রীদের পাসের হার ৫১.৮৬%, ছাত্রদের ৪১.৯২%। এই ব্যবধান ৯.৯৪ পয়েন্ট, যা সিলেট চার জেলার মধ্যে সর্বোচ্চ। মোট পাসকারীর ৬৫.৬% ছাত্রী। অন্যদিকে ৪,৯৯৫ জন ছাত্র পরীক্ষা দিয়েছে, যার মধ্যে ২,৯০১ জন (প্রায় ৫৮%) অকৃতকার্য হয়েছে। এটি জেলার সবচেয়ে বড় ব্যর্থতার অংশ।
সিলেট শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ, তবে বোর্ডের গড় (৫০.৯০%) থেকে প্রায় ২.৯৫ শতাংশ পয়েন্ট কম। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০৪ জন (০.৮২%), যেখানে বোর্ডে এ হার ১.৬৭% এবং সিলেট জেলায় ২.৯২%।
হবিগঞ্জ জেলার গড় ফল অনেকটাই নির্ভর করছে একটি উপজেলা ও একটি প্রতিষ্ঠানের ওপর। হবিগঞ্জ সদরের পাসের হার ৬৪.৭১%, আর বৃন্দাবন সরকারি কলেজ একাই ১,১১৫ জন পাস করিয়েছে (জেলার মোট পাসের ১৮.৩%, হার ৮২.৭৮%)। এই কলেজ বাদ দিলে জেলার হার নেমে দাঁড়ায় ৪৩.৮২%। বাহুবল (৩৫.৪৭%), লাখাই (৩৬.১২%), মাধবপুর (৩৭.১৩%) ও আজমিরীগঞ্জ (৩৮.০১%) সবচেয়ে পিছিয়ে। ৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির পাসের হার ৪০%-এর নিচে।