
অপু দাস, স্টাফ রিপোর্টার রাজশাহী
আন্তর্জাতিক মানবাধিকার দিবস–২০২৫ উপলক্ষে রাজশাহীতে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি। বুধবার সকালে শহরের সাহেব বাজার জিরোপয়েন্টে মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন। এতে অংশ নেন নানা সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।মানববন্ধনে বক্তারা জানান, পরিবর্তনের প্রত্যাশা তৈরি হলেও সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা জনমনে উদ্বেগ বাড়িয়েছে। মব সহিংসতা, অজ্ঞাত লাশ উদ্ধার, সীমান্ত হত্যা, নারী–শিশু নির্যাতন, সংখ্যালঘুদের ওপর সহিংসতা এবং মত প্রকাশের স্বাধীনতায় বাধার মতো ঘটনাগুলো এখনও যথাযথ জবাবদিহিতার অভাবে চলমান রয়েছে।বক্তারা আরও উল্লেখ করেন, গত এক বছরে বিচারবহির্ভূত হত্যা এবং কারা হেফাজতে মৃত্যুর ঘটনাগুলো দেশের মানবাধিকার পরিস্থিতিকে আরও নাজুক করেছে। তারা সীমান্তে আগ্রাসন ও হত্যাকাণ্ড অব্যাহত থাকার বিষয়টিকেও গভীর উদ্বেগজনক বলে অভিহিত করেন।কর্মসূচি থেকে মানবাধিকার রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার, নিরপেক্ষ তদন্ত নিশ্চিতকরণ এবং লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তাদের মতে, জন্মগত মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়ের নিশ্চয়তাই মানবাধিকার—এটি রক্ষা করা শুধু রাষ্ট্রের নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।তারা বলেন, দারিদ্র্য, বৈষম্য, রাজনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতার সময়ে মানবাধিকার আরও ঝুঁকির মুখে পড়ে। তাই ন্যায়বিচারের স্বচ্ছতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করেই মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন সম্ভব।মানববন্ধনে মানবাধিকার সংগঠন, সংস্কৃতিকর্মী, পেশাজীবী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।