ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ
জাহিদুল ইসলাম
রাঙামাটি জেলা প্রতিনিধি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক ও বনরুপা পেট্রোল পাম্প এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ানসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,
“আজ বাংলাদেশকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। দেশের মানচিত্র ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার অপচেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও বলেন,
“ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি চালিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬