
মোঃ সজীব আল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।বিজয় মিছিলটি ঘাটাইল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এ সময় তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।পরে তিনি মিছিলে অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ ও জনসাধারণকে শপথ বাক্য পাঠ করান। শপথে মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিজয় মিছিলে অংশগ্রহণ করেন।