মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, বোগদাদিয়া থানা অভিমুখে পদযাত্রা লেমুয়া বাজারের ব্যবসায়ী মো. বাকেরকে ছিনতাইকারীর হামলায় নির্মমভাবে হত্যার ঘটনায় পুরো লেমুয়া এলাকা জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভ।এ ঘটনার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও বোগদাদিয়া থানা অভিমুখে পদযাত্রা করেছেন লেমুয়া বাজারের ব্যবসায়ীরা।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লেমুয়া বাজার কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি লেমুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেমুয়া বাণিজ্যিক এলাকা হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করে বোগদাদিয়া থানা (তদন্ত কেন্দ্র) প্রাঙ্গণে গিয়ে শেষ হয়
এ সময় উত্তেজিত ব্যবসায়ীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।পদযাত্রা শেষে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে বোগদাদিয়া থানার ইনচার্জ মো. মিজানুর রহমান ব্যবসায়ীদের শান্ত করেন। তিনি উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,
“ঘটনার পরপরই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল আসামি এখনো পলাতক রয়েছে। তাকেও দ্রুত গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।তিনি আরও বলেন,পুলিশ শুধুমাত্র প্রকৃত অপরাধীদেরই আইনের আওতায় আনবে।কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা সতর্ক। তবে একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কোনো ধরনের মব সৃষ্টি হয়ে এলাকায় অশান্তি না ছড়ায়।থানা ইনচার্জ জানান, রাজনৈতিক ফায়দা লুটতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও গুজবপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে এসব অপপ্রচারে কান না দিতে এবং যে কোনো হুমকি বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লেমুয়া বাজারের ব্যবসায়ী হায়দার আলী। তিনি বলেন,লেমুয়া বাজারের ব্যবসায়ীরা আজ ঐক্যবদ্ধ।একজন নিরীহ ও শান্ত ব্যবসায়ীকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাতে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।আমরা প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।পদযাত্রার সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।এ ঘটনায় লেমুয়া বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ব্যবসায়ী মো. বাকেরের পরিবার দ্রুত ন্যায়বিচার প্রত্যাশা করছে।একই সঙ্গে ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসী প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬